ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বয়ান-স্লোগানে ঘৃণা নিরসনের দায়িত্ব নিতে হবে সরকারকে: সায়ান

আন্দোলনের মঞ্চে প্রতিপক্ষের বিরুদ্ধে কটূক্তি, নারী ও ভিন্নধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য, এমনকি প্রকাশ্যে ‘জবাই করার’ মতো সহিংস স্লোগানে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সায়ান। ফেসবুকে এক বিশ্লেষণধর্মী দীর্ঘ পোস্টে সায়ান বলেন, “প্রতিশোধের পাল্টাপাল্টি রাজনীতি আজ সমাজে কেবল ঘৃণা ছড়াচ্ছে। এতে দেশের কোনো কল্যাণ হচ্ছে না।”তিনি দাবি তোলেন, ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতাকে নিয়ন্ত্রণে আনতে একটি ‘ঘৃণা নিয়ন্ত্রণ কমিশন’ গঠন করা জরুরি। সেইসঙ্গে আইনি কাঠামোর মধ্যে এনে এসব বক্তব্যকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।


সরকারকে উদ্দেশ করে সায়ান বলেন, “ঘৃণার বয়ান শনাক্ত করুন। আক্রমণাত্মক ভাষার বিরুদ্ধে ব্যবস্থা নিন। নাগরিকদের জন্য শালীন আচরণের ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করুন। রাষ্ট্রীয় দায়িত্বে থেকে কেউ কিভাবে প্রকাশ্যে ‘জবাই কর’ এমন বক্তব্য দিতে পারে?”


তিনি আরও উল্লেখ করেন, সমাজে আজকাল ‘বেশ্যা’, ‘দালাল’, ‘জবাই’ এই ধরণের শব্দ প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে, যা কোনো সভ্য রাষ্ট্রে সহ্য করা যায় না। সায়ান ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, “সেসময়ও বিচার চাওয়ার নামে উন্মত্ততা তৈরি হয়েছিল। সেটাও আনন্দের ছিল না। বিচার চাওয়ার চর্চা আর হত্যার হুমকি দেওয়া এক জিনিস নয়। আজও সেই মানসিকতা বিদ্যমান।”


তিনি মনে করেন, সাধারণ জনতা অনিয়ন্ত্রিত আবেগে ভুল করতেই পারে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হওয়া উচিত সংযম প্রতিষ্ঠা করা। তিনি তাঁর বক্তব্যে প্রশ্ন রেখে বলেন, “কেন রাষ্ট্রের দায়িত্বে থাকা কেউ কাউকে ‘বেশ্যা’ বললে পার পেয়ে যাবেন? কেন প্রকাশ্যে ‘জবাই’ করার আহ্বান জানানো হবে, আর কেউ তা থামাবে না?”


সায়ান বলেন, “যুগের পর যুগ ধরে নানা মাহফিলে ভিন্ন ধর্ম ও নারীদের প্রতি ঘৃণার ভাষা ব্যবহার করা হচ্ছে। এখন সময় এসেছে এসব সংগঠিত ঘৃণার চর্চাকে আইনিভাবে থামানোর।”


সম্প্রতি এক আন্দোলনের মঞ্চ থেকে “একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর” এই ধরণের স্লোগানের তীব্র নিন্দা জানিয়ে সায়ান বলেন, “এটি কোনোভাবেই দেশপ্রেম হতে পারে না। ২০১৩ তেও এমন ভাষায় দেশপ্রেম ছিল না, এখনো নেই। বিচারের চর্চা মানেই সহিংসতার বৈধতা নয়।”


তিনি বলেন, “সরকার যদি সত্যিই সহিংসতা বন্ধ করতে চায়, তাহলে গায়েবি মামলা না দিয়ে বরং একটি স্পষ্ট নীতিমালা তৈরি করুক, কোন বক্তব্য সহিংস ও অপরাধমূলক, তা চিহ্নিত করুক।”


সায়ানের মতে, ঘৃণার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মতো জটিল নয়। “ঘৃণার বৈধতা থেকেই বড় অপরাধের জন্ম হয়। সেখানেই লাগাম দিতে হবে।”


শেষ বক্তব্যে সায়ান আহ্বান করেন, “পাল্টাপাল্টি প্রতিশোধ নয়, আমাদের দরকার ন্যায়ভিত্তিক সংস্কৃতি। গালিগালাজ আর জবাইয়ের হুমকির মধ্য দিয়ে দেশপ্রেম প্রমাণ হয় না। এর অবসান ঘটাতে এখনই কাজ শুরু করতে হবে।”

ads
ads
ads

Our Facebook Page

↑